হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রোজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সম্ভাব্য সমঝোতার পথ খুঁজতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, অবরোধ কার্যকর থাকলেও একটি চুক্তি চূড়ান্ত করা যায় কি না তা যাচাই করতে অল্প সময়ের জন্য প্রকল্পটি বন্ধ রাখা হচ্ছে। এ ক্ষেত্রে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান-এর অনুরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। তবে প্রকল্প স্থগিত থাকলেও ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে।[TECHTARANGA-POST:6054]‘প্রোজেক্ট ফ্রিডম’ চালু করা হয়েছিল হরমুজ প্রণালি-এ আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর নিরাপত্তায় পার করে দেওয়ার উদ্দেশ্যে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন হয়, ফলে এর নিরাপত্তা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে। এতে শতাধিক জাহাজ আটকা পড়ে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। এই প্রেক্ষাপটে ৪ মে ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করা হলেও, এখন তা সাময়িকভাবে স্থগিত করা হলো।এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে দেখছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র চাপের মুখে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে, যা তাদের জন্য এক ধরনের বিজয়ের বার্তা বহন করছে।