রামিসা হত্যার ঘটনায় উত্তাল নবাবগঞ্জ, মানববন্ধনে বিচার দাবি
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার (৮) হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর বোয়ালমারী-কাঁচদহ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। বক্তারা বলেন, সমাজে শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও অপরাধের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এ সময় স্থানীয় এক ইমাম বলেন, মানবতা, ন্যায়বিচার ও শান্তির শিক্ষা সবসময় মানুষকে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।মানববন্ধনে সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা এম এ খালেক, মহিদুজ্জামান রতন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সংগঠনের সদস্য, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।