মুন টাইমস নিউজ

বাসে নারীদের হয়রানি রুখতে ‘পিংক বাস’

গণপরিবহনে নারীদের হয়রানি, অস্বস্তি আর নিরাপত্তাহীনতার অভিযোগ নতুন নয়। ভিড়ের বাসে যাত্রাপথে নানা বিড়ম্বনার মুখে পড়তে হয় নারী যাত্রীদের। এবার সেই বাস্তবতায় পরিবর্তনের বার্তা নিয়ে রাজধানীর সড়কে নামছে বিশেষ ‘পিংক বাস’। শুধু নারী যাত্রীই নন এই বাসের চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির উদ্যোগে চালু হতে যাচ্ছে বিশেষ এই মহিলা বাস সার্ভিস। পিংক রঙের বাসগুলোতে নারীদের জন্য তৈরি করা হবে আলাদা পরিবেশ, যেখানে চালক ও কন্ডাক্টরের দায়িত্ব পালন করবেন প্রশিক্ষিত নারীরা।মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করা হবে।বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।নারীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর গণপরিবহনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে ‘পিংক বাস’, যা আরও নিরাপদ ও নারী-বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বাসে নারীদের হয়রানি রুখতে ‘পিংক বাস’