মুন টাইমস নিউজ

শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানিকে কেন্দ্র করে মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে।আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে।এর আগে গত ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হলেও ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ বেঞ্চ না থাকায় তা পিছিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করা হয় আজ।মামলাটিতে মোট ১১ জন আসামির মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান।অন্যদিকে শেখ হাসিনাসহ সাত আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, মেজর (অব.) রুহুল আমিন, লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব মাহমুদ।আদালত সূত্রে জানা যায়, পলাতক আসামিদের পক্ষে গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়। এর আগে ২৫ আগস্ট তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। নির্ধারিত হাজিরার দিনে গ্রেপ্তার চার আসামি আদালতে উপস্থিত হলেও অন্যরা আত্মসমর্পণ করেননি। গত ২৬ জুলাই ১১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ২৬ মে রাতে টেকনাফের কিরণতলীতে হোটেল নেটংয়ের সামনে থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। একরামুল হক টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন।মামলায় অবৈধ আটক, অপহরণ, বন্দুকযুদ্ধের ঘটনা সাজিয়ে হত্যা, হত্যার নির্দেশ, প্ররোচনা ও সহায়তাসহ বিভিন্ন অভিযোগ এনেছে প্রসিকিউশন। আজকের শুনানিতে এসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে।

শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠন শুনানি আজ