অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও সীমান্ত অতিক্রম রোধে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। সীমান্তের বিভিন্ন এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গত কয়েকদিন ধরে পরিচালিত এ সচেতনতামূলক কার্যক্রমে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে জানানো হয়। পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।মাইকিংয়ে আরও বলা হয়, গুজব বা উস্কানিমূলক তথ্যের প্রভাব এড়িয়ে সত্যতা যাচাই করে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান আরিফ জানান, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের মধ্যে পুশইন, অবৈধ সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে এই জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুশইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।