যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, কূটনৈতিক তৎপরতা জোরদার
ইসলামাবাদ জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান শান্তি আলোচনায় পরবর্তী দফায় অংশগ্রহণ করবে কি না সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত দেয়নি ইরান। এই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পাকিস্তান।পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, দেশটি এখনো কূটনীতি ও সংলাপকেই প্রধান পথ হিসেবে বিবেচনা করছে। তবে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ দ্রুত শেষ হতে চলেছে।অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে, নতুন কোনো চুক্তি না হলে যুদ্ধবিরতির সময়সীমা আর বাড়ানো হবে না। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও গোলাবারুদ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।তবে তিনি আবারও আশা প্রকাশ করেছেন যে, ইরানের সঙ্গে একটি সমঝোতা সম্ভব হতে পারে, যদিও পরিস্থিতি এখনো অনিশ্চিত।এদিকে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখতে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরান -এর প্রতি আহ্বান জানিয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি।পাকিস্তান আরও জানিয়েছে, তারা আঞ্চলিক উত্তেজনা কমাতে সব পক্ষকে আলোচনার টেবিলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।