সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে নির্দেশ পরিবহন মালিক সমিতির
ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে সরকারি সিদ্ধান্ত ছাড়াই বাসভাড়া বাড়ানো যাবে না বলে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (২২ এপ্রিল) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো পরিবহন মালিক বা সংশ্লিষ্ট কেউ বর্তমান নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নিতে পারবে না। দেশের সব রুটে চলাচলকারী বাস মালিক ও শ্রমিকদের এ নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।তবে একই সঙ্গে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেছে মালিক সমিতি। বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের দাম বৃদ্ধির কারণে যন্ত্রাংশ আমদানি ও রক্ষণাবেক্ষণ খরচও অনেক বেশি হয়ে গেছে।এ অবস্থায় পরিবহন খাতকে টিকিয়ে রাখতে দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। তারা বলছে, বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত না নিলে খাতটি আর্থিক চাপে পড়বে।