মুন টাইমস নিউজ

ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্তে আইনজীবীদের প্রতিবাদ

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য সামনে রেখে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার থেকে সপ্তাহে দুই দিন আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালিত হবে ভার্চুয়াল পদ্ধতিতে।তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন আদালতের আইনজীবীরা। তারা অবিলম্বে এ উদ্যোগ বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এ সময় তারা সমিতির সভাপতি ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন-এর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন।সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনা হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আবু বকর সিদ্দিকী-কেও আন্দোলনের বিষয়টি জানানো হয়েছে, যিনি তা প্রধান বিচারপতিকে অবহিত করবেন বলে আশ্বাস দিয়েছেন।এর আগে ১৯ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবং বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে সপ্তাহে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে। আপিল বিভাগেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।এই সিদ্ধান্তের প্রতিবাদে আইনজীবীরা বলেন, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাদের দাবি, ভার্চুয়াল কোর্ট পরিচালনার ক্ষেত্রেও এজলাসে বিদ্যুৎ ব্যবহার চলমান থাকবে, ফলে সাশ্রয়ের যুক্তি প্রশ্নবিদ্ধ। পাশাপাশি, এতে বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।বক্তারা আরও জানান, পূর্বে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় আইনজীবীদের মতামত গুরুত্ব পেত। কিন্তু এবার তা উপেক্ষা করা হয়েছে। দাবি আদায় না হলে তারা প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরবেন বলেও হুঁশিয়ারি দেন।উল্লেখ্য, ২০২০ সালে করোনাভাইরাস পরিস্থিতির সময় ভার্চুয়াল কোর্ট চালু হয়েছিল এবং তখন নিয়মিতভাবেই এই পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে।

ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্তে আইনজীবীদের প্রতিবাদ