মুন টাইমস নিউজ

সালথায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন, অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমান নিজে ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় তিনি ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন।আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার খোয়ারগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুরাদুর রহমান।[TECHTARANGA-POST:5962]তিনি অভিযোগ করেন, তাকে কেন্দ্র করে উপজেলা যুবদল নেতা মো. শাফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সামাদ মাতুব্বর, সাবেক ইউপি সদস্য মো. আনিস মেম্বার ও মো. লাভলু মাতুব্বরসহ খোয়াড় গ্রামের কয়েকজনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।মুরাদুর রহমান দাবি করেন, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল খান, আওয়ামী লীগ নেতা কাওছার মাতুব্বর এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রব্বান মাতুব্বরসহ কয়েকজন ব্যক্তি এ অপপ্রচারের নেপথ্যে থেকে সক্রিয় ভূমিকা রাখছেন। তাদের মাধ্যমে স্থানীয় কিছু মানুষকে ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে।তিনি আরও বলেন, আটঘর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাসান আশরাফ এ ঘটনার অন্যতম মদদদাতা। তার প্রত্যক্ষ প্রভাব ও সহযোগিতায় এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে এলাকায় অস্থিরতা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলছি। কিন্তু একটি মহল দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি তৈরি করতে পারে।মুরাদুর রহমান জানান, তারা কোনো ধরনের সংঘাত চান না এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।সংবাদ সম্মেলনে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ফরিদপুরের পুলিশ সুপার এবং সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সালথায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন, অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা