মুন টাইমস নিউজ

পুরোপুরি বন্ধ ‘বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের’ উৎপাদন

দিনাজপুরের  বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে উৎপাদন সম্পূর্ণভাবে থেমে গেছে। সচল থাকা এক নম্বর ইউনিটেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটের দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।[TECHTARANGA-POST:5977]তিনি জানান, কয়লার সঙ্গে পাথর মিশে আসায় বয়লারের পাইপ ক্ষতিগ্রস্ত হয় এবং কুলিং ফ্যান ভেঙে যায়। এর ফলে ওই সময় থেকেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।তিনি আরও বলেন, ত্রুটি মেরামতের কাজ চলছে এবং পুনরায় উৎপাদন শুরু করতে প্রায় ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। এর আগে দীর্ঘদিন ধরে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটও বন্ধ রয়েছে।বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার ওপর নির্ভর করে খনির পাশেই ২০০৬ সালে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে তোলা হয়। শুরুতে ১২৫ মেগাওয়াট করে দুটি ইউনিট স্থাপন করা হয়, যার মোট উৎপাদন ক্ষমতা ছিল ২৫০ মেগাওয়াট। পরে ২০১৭ সালে আরও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা বেড়ে ৫২৫ মেগাওয়াটে পৌঁছে।তবে নানা যান্ত্রিক জটিলতার কারণে কেন্দ্রটি কখনোই একসঙ্গে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। ২০২৪ সালের ১ নভেম্বর থেকে তৃতীয় ইউনিট বন্ধ রয়েছে, আর দ্বিতীয় ইউনিটটি বন্ধ রয়েছে ২০২০ সালের নভেম্বর থেকে।গত বছরের ৩০ ডিসেম্বর প্রথম ইউনিটটিও বন্ধ হয়ে যায়, যদিও ১৪ জানুয়ারি তা আবার চালু করা হয়েছিল। কয়েক মাস সীমিতভাবে চলার পর ২২ এপ্রিল রাতে পুনরায় ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

পুরোপুরি বন্ধ ‘বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের’ উৎপাদন