অনুমতি ছাড়া ভিডিও ধারণে কঠোর শাস্তির বিধান সাইবার সুরক্ষা আইনে
অনুমতি ছাড়া কারও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা ‘সাইবার সুরক্ষা আইন-২০২৬’ অনুযায়ী কঠোরভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে এবং তদন্ত সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে শেষ করার বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী কনটেন্ট ক্রিয়েটর পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ, রসালো শিরোনামে প্রচার এবং ভয় দেখিয়ে চাঁদা দাবির মতো বিষয়গুলোর বিরুদ্ধে সরকারের ব্যবস্থা সম্পর্কে জানতে চান।[TECHTARANGA-POST:5912]মন্ত্রী জানান, নতুন আইনের ২৫(১) ধারা অনুযায়ী ডিজিটাল মাধ্যমে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন বা সেক্সটরশনের উদ্দেশ্যে ভিডিও প্রচার বা হুমকি দেওয়া অপরাধ। এর জন্য সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ভুক্তভোগী নারী বা শিশু হলে শাস্তি আরও বাড়িয়ে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা করা যাবে।এছাড়া ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করলে সেটি সাইবার প্রতারণা হিসেবে গণ্য হবে, যার জন্য সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণের ক্ষমতা জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির রয়েছে বলেও তিনি জানান।তিনি আরও বলেন, সাইবার অপরাধ শনাক্ত ও নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদেশে অবস্থান করেও অপরাধীদের আইনের আওতায় আনা হবে।