রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে লিমন মিয়া নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।[TECHTARANGA-POST:6044]স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা গোফফার আলী বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আখিরা নদী পার হয়ে জামদানী গ্রামের নিজ জমি থেকে পাকা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতের ঘূর্ণিতে পড়ে তিনি ডুবে যেতে থাকেন এবং বাঁচার জন্য চিৎকার করেন।এ সময় নদীর তীরে থাকা তার ছেলে লিমন মিয়া পিতার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন। সাঁতারে তেমন পারদর্শী না হলেও বাবাকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেন তিনি। কিন্তু পিতার কাছে পৌঁছানোর আগেই প্রবল স্রোতের টানে তলিয়ে যান লিমন।পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। অন্যদিকে, গুরুতর অসুস্থ অবস্থায় এলাকাবাসী গোফফার আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত লিমন মিয়া সম্প্রতি বিয়ে করেছিলেন এবং তিনি এক সন্তানের জনক ছিলেন।স্থানীয়দের ভাষ্য, বাবাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে লিমন মিয়া মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।