মুন টাইমস নিউজ

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজন ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এরপর স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এবং করতোয়া নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে করতোয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিও পালন করা হয়।দুপুরে সিএসএফ গ্লোবাল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী যুবক-যুবতীদের মাঝে দুইটি করে ছাগল ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, এমদাদুল হক নওশাদ, আলহাজ্ব আইয়ুব আলী, রেজাউল ইসলাম রাজাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।দিনের কর্মসূচির শেষ পর্যায়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ড. এম এ মুহিত। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। 

শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত